কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দল জড়িত, মামলা নিচ্ছে না পুলিশ: জামায়াত এমপি

রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী ও তেজগাঁও এলাকার চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরাই জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন। এই চাঁদাবাজির বিষয়ে ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন বলেও জানান। একই সঙ্গে এই সিন্ডিকেট নিয়ে ঘাঁটাঘাঁটি করলে প্রাণনাশের শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বজেট সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির যৌথ আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংলাপে অংশ নিয়ে সাইফুল আলম খান মিলন বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। বলেছি আপনার সহযোগিতা দরকার।”
অনুষ্ঠানে উপস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা তাকে প্রশ্ন করেন, “আপনি জানেন না কে চাঁদাবাজি করে?” জবাবে জামায়াতের এই এমপি বলেন, “এটা আগেও সরকারি দল করতো, এখনো সরকারি দলই করতেছে।”
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরোধকে কেন্দ্র করে সরকারি যুবদলের নেতা মোছাব্বির নিহত হয়েছেন উল্লেখ করে মিলন বলেন, “যখন সালাউদ্দিন আহমেদ মন্ত্রী ছিলেন না, তখন তিনি দেখতে গিয়েছিলেন। কারা জড়িত সরকার খুব ভালোভাবে জানে।”
চাঁদাবাজি নিয়ে কথা বললে জীবনের ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমার একজন ভাই, যিনি একজন বড় সাংবাদিক; তিনি বলেছেন চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না, আপনার জীবন যাবে। তিনি আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইবো। আমরা চাচ্ছি কারওয়ান বাজার, মহাখালী ও তেঁজগাওয়ের চাঁদাবাজি বন্ধ হোক।”
এ সময় বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা নাগরিক হিসেবে আইনের আশ্রয় বা ‘মামলা’ করার পরামর্শ দিলে জামায়াত এমপি পাল্টা জবাবে বলেন, “মামলা পুলিশ নিচ্ছে না।”
সংলাপে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী বাজেট নিয়ে কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, “অর্থনীতিতে নানান ধরনের সংকট আছে এবং এই কাঠামোগত সমস্যাগুলো উত্তরাধিকার সূত্রে এসেছে। বর্তমান বিশ্বে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে এবং এই মুহূর্তে আমরা আইএমএফের প্রোগ্রামে (শর্তে) আছি। তবে নতুন সরকারের কাছে মানুষের বড় প্রত্যাশা আছে। সবকিছু মিলিয়েই সরকার বাজেট তৈরি করছে।”
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ-এর সাবেক সভাপতি মো. ফজলুল হক প্রমুখ।








