ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দিল্লিতে ১৬টি মেট্রোস্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়া দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভে নিরাপত্তার কারণে বুধবার সকালে ১৬টি মেট্রোস্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দিল্লি মেট্রোরেল করপোরেশন এ তথ্য জানিয়েছে। বন্ধ হওয়া স্টেশনগুলোর মধ্যে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিল্লি মেট্রোরেল করপোরেশন জানায়, নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ মিশন আশ্রম মার্গ ও বারোখাম্বা রোড স্টেশন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম মেট্রোস্টেশন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের জন্য রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে।
পরীক্ষায় অনিয়মের অভিযোগে পার্লামেন্ট অভিমুখে যাত্রার ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের কর্মসূচিতে যোগ দিতে গত সোমবার সেন্ট্রাল দিল্লিতে হাজির হন হাজার হাজার মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিনও বেশ কয়েকটি মেট্রোস্টেশন বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
















