একীভূত হলো পাওয়ার অব ওয়ান্ডার উইমেন ও রেজুভা ওয়েলনেস

দেশের নারী শক্তির ক্ষমতায়ন এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একীভূত হয়েছে দুই জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব ওয়ান্ডার উইমেন’ ও ‘রেজুভা ওয়েলনেস’। সম্প্রতি রেজুভা ওয়েলনেসের নিজস্ব কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই দ্বিপাক্ষিক চুক্তির প্রধান লক্ষ্য হলো—সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যসেবা এবং শারীরিক সুস্থতা খাতে সমন্বিতভাবে কাজ করা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের নারীদের সামগ্রিক উন্নয়ন ও সুস্থতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে।
অনুষ্ঠানে রেজুভা ওয়েলনেসের পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. তৌহিদা রহমান ইরিন এবং পাওয়ার অব ওয়ান্ডার উইমেনের পক্ষে এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইসমত আরা জাকিয়া আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সই করেন।
রেজুভা ওয়েলনেস দীর্ঘদিন ধরে মানুষের স্বাস্থ্যসেবা ও সৌন্দর্য নিয়ে কাজ করছে, যেখানে ডা. ইরিন মানসিক স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। অন্যদিকে, পাওয়ার অব ওয়ান্ডার উইমেন নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দেশজুড়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বিএ সাদিক। এছাড়াও পাওয়ার অব ওয়ান্ডার উইমেনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকিয়া ইয়াসমিন দোলা, ভাইস চেয়ারম্যান জিন্নাত আরা রুমি, মালেকা মুন্নি, লিটা খন্দকার, মোরশেদা রনি, বিবি তাহুরা, বিলকিস বেগম ও সাবরিনা সাদাত।
এই চুক্তির ফলে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শারীরিক সুস্থতা উন্নয়নে দেশব্যাপী নানামুখী কর্মসূচি পালন করবে। দেশের ‘ওয়েলনেস সেক্টর’ এবং নারী উন্নয়নের ক্ষেত্রে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

















