ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের অবকাশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে সরকারি ছুটি ৭ দিন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি মিলিয়ে দীর্ঘ ১৬ দিনের ছুটি পেতে যাচ্ছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন সরকারি ছুটি কার্যকর থাকবে। তবে এই ছুটির বিন্যাসে একটি বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকলেও তা বাতিল করা হয়েছে। ফলে ওইদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে অফিস করতে হবে।
সরকারি সাধারণ ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত ছুটিসূচিতে কোনো পরিবর্তন আসছে না। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকবে।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ছুটি শুরু হবে ২৪ মে (রবিবার) এবং চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র-শনিবারের বন্ধ যুক্ত হওয়ায় মোট অবকাশের সময় দাঁড়াচ্ছে ১৬ দিন। একইভাবে কলেজগুলোতেও সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি তৈরি হচ্ছে।
সাধারণ স্কুল-কলেজের তুলনায় মাদরাসায় ছুটির পরিমাণ আরও বেশি। মাদরাসায় গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি একসঙ্গে ২৪ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২১ দিনের এক দীর্ঘ অবকাশ উপভোগ করার সুযোগ পাবে।
দীর্ঘ এই ছুটির ঘোষণা আসার পর থেকেই ঘরমুখো মানুষের মাঝে ঈদ প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে।

















