ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছেন ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা। ইতোমধ্যে তেলআবিব তাদের এই অবস্থানের কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলে বুধবার (৬ মে) ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি) এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
আইপিবিসি-র তথ্যমতে, ইসরায়েলি নীতিনির্ধারকদের একটি বড় অংশ মনে করছে, ইরানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা বা সম্ভাব্য সমঝোতা দীর্ঘমেয়াদে কার্যকর ফল বয়ে আনবে না। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের ওপর নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য অনুকূল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন। এই তালিকায় ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইসরায়েল সরাসরি ইরানের মূল ভূখণ্ডে এই হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে।
ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা ইরানের ওপর হামলার বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলের এমন অনড় অবস্থান নতুন করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে।







