ইউরোপিয়ান ফুটবলের মায়া ছেড়ে সিএফ মন্ট্রিয়লে আলেক্সিস সানচেজ

আলেক্সিস সানচেজের সিএফ মন্ট্রিয়লে যোগ দেওয়ার খবর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ইউরোপিয়ান ফুটবলে দীর্ঘ দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টেনে এই চিলিয়ান কিংবদন্তি এখন মেজর সকার লিগে নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন।
সানচেজ কানাডিয়ান ক্লাবটির সাথে প্রাথমিকভাবে ২০২৭ সালের এমএলএস স্প্রিন্ট মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন। তবে দুই পক্ষের সমঝোতায় এই চুক্তির মেয়াদ ২০২৭-২৮ পূর্ণাঙ্গ মৌসুম পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
মন্ট্রিয়লে তিনি ‘ডেজিগনেটেড প্লেয়ার’ হিসেবে খেলবেন। এর ফলে এমএলএস-এর সাধারণ বেতন সীমার বাইরে থেকে ক্লাবটি তাকে কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে পারবে।
নতুন ক্লাবে যোগ দিয়ে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি সিএফ মন্ট্রিয়লে যোগ দিতে পেরে এবং এই নতুন চ্যালেঞ্জটি পেয়ে অত্যন্ত আনন্দিত। ক্লাবের লক্ষ্য পূরণে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’
ইউরোপে তিনি বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো শীর্ষস্থানীয় ক্লাবে খেলেছেন। চিলি জাতীয় দলের হয়ে দুটি কোপা আমেরিকা জেতার পাশাপাশি তিনি দেশের ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ (১৬৮) এবং সর্বোচ্চ গোলের (৫১) রেকর্ডের অধিকারী।
চিলির এই ‘ওয়ান্ডার বয়’ এর অন্তর্ভুক্তিতে বর্তমানে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে থাকা সিএফ মন্ট্রিয়ল তাদের আক্রমণভাগকে শক্তিশালী করে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করছে।
















