মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই রাজ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষা, অবকাঠামো ও জনসেবাকে নিজের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
রবিবার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, ‘‘আজ থেকে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে শুরু করব। আমাদের প্রধান দায়িত্ব হলো তরুণ সমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করা।’’ মাদকের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিজয় তাঁর বক্তব্যে তামিলনাড়ুর ৮ কোটি মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘‘কেউ আমাকে অপমান করলেও, তারা বন্ধু হোক বা শত্রু—এই ৮ কোটি মানুষই আমার আপন। আমার হৃদয় বলে যে শিক্ষা, সড়ক, পানীয় জল এবং অন্যান্য জরুরি পরিষেবায় আমাকে পূর্ণ মনোযোগ দিতে হবে।’’
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আগেও বলেছি, জনগণের অর্থের একটি পয়সাও আমি স্পর্শ করব না।’’ তিনি স্পষ্ট জানান, জনকল্যাণমূলক কাজে শিক্ষা, অবকাঠামো এবং মৌলিক চাহিদাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তাঁর সরকার।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে এই সফল অভিষেক এবং সরাসরি প্রশাসনিক দায়িত্ব গ্রহণ দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।

















