বিশ্বকাপে ব্রাজিলের হয়ে জ্বলে উঠতে আত্মবিশ্বাসী ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদের হয়ে সব শিরোপা জিতলেও জাতীয় দল ব্রাজিলের জার্সিতে নিজের সেরাটা দিতে পারছেন না, এমন সমালোচনা আছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। কিন্তু সমালোচনাকে পাত্তা দিতে চান না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপের আগে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস তার অদম্য ইচ্ছাশক্তির কথা জানিয়েছেন। বলেছেন, ’সৃষ্টিকর্তা চাইলে আমি বিশ্বকাপে থাকব এবং আমাকে নিয়ে লোকে যা বলছে, আমি তা বদলে দিতে পারব। রিয়াল মাদ্রিদেও আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমি নিজেকে প্রমাণ করেছি।’
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের শুরুর দিনগুলো তেমন সুখকর ছিল না। ফিনিশিং নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি সতীর্থদের কাছ থেকেও বিরূপ মন্তব্য শুনতে হয়েছে।
তবে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে ভিনি এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সেই আত্মবিশ্বাস তিনি এখন ব্রাজিল দলের হয়েও দেখাতে চান।
ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা রয়েছে। এর ভার পড়ছে ভিনিসিয়াসের কাঁধে। তবে ভিনি মনে করেন, ক্লাবের মতো জাতীয় দলের হয়েও তিনি ঘুরে দাঁড়াবেন। ২০২৬ বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করাই তার মূল লক্ষ্য।

















