বাউফলে জনগণের সমস্যা সরাসরি শুনতে কল সেন্টার উদ্বোধন

জনগণের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত সমাধানের লক্ষ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ নির্বাচনী এলাকায় ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ ও গতিশীল করতেই এই উদ্যোগ। এখন থেকে উপজেলার সাধারণ মানুষ তাদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন প্রয়োজনীয়তার কথা সরাসরি আমাদের জানাতে পারবেন। এটি জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এমপি জানান, একটি দক্ষ টিম সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) এই কল সেন্টারের মাধ্যমে মানুষের সংকটের কথা শুনবে এবং সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। সেবার জন্য দুটি বিশেষ মোবাইল নম্বর উন্মোচন করা হয়: ০১৭১৩-৪৯৯৬৬১ , ০১৭১৩-৪৯৯৬৬২ ।
তবে এই সেবাটি যেন প্রকৃত প্রয়োজনে ব্যবহৃত হয়, সেদিকে লক্ষ্য রেখে তিনি বলেন, “কেউ যেন মিথ্যা তথ্য বা প্রতারণামূলক কল না করেন। আমাদের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো, তাই অযথা কলে যেন জনসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়।”
বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর এবং জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাউফলের সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা মনে করছেন, এর মাধ্যমে প্রশাসনের দীর্ঘসূত্রতা কমে আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

















