নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরোয়ার কামাল মারা গেছেন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির ও চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার কালবেলাকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল শনিবার বাদ জোহর মরহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে লোহাগাড়ার পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পটিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সাল থেকে নেজামে ইসলাম পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৯ সালে দলটির আমির নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, শাহ ওয়ালী উল্লাহ একাডেমীর পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের ইসলামি অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

















