দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, ফ্লাইট চলাচল বন্ধ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সোমবার ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কারও জখম হওয়ার খবর পাওয়া যায়নি। ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে তৃতীয়বার হামলা হলো।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সারাবিশ্বের বিমান পরিবহন ব্যবস্থা অনিয়মিত হয়ে পড়েছে, বহু ফ্লাইট বাতিল করে নতুন করে সূচি নির্ধারণ করতে হয়েছে। অনেক ফ্লাইটের রুটও পরিবর্তন করতে হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশপথ বন্ধ আছে।
২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন থেকেই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা শুরু করে ইরান। তেহরানের দাবি করে, এসব দেশে মার্কিন স্থাপনাগুলোতে হামলা করছে তারা।
সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি উপসাগরীয় দেশগুলো ও ইরাক, জর্ডান এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব ঘাঁটিতে হামলার পাশাপাশি দেশগুলোর বিমানবন্দর, সমুদ্র বন্দর ও হোটেলেও আঘাত হানছে।
সোমবার দুবাইয়ের গণমাধ্যম দপ্তর এক্স পোস্টে বলেছে, ‘দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পুলিশ জানিয়েছে, হামলার পর বিমানবন্দরমুখি সড়ক ও টানেলে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ হামলার কারণে আমিরাত এয়ারলাইন দুবাইয়ের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, কিছু ফ্লাইট দুবাইয়ের দক্ষিণে আল মাকতুম বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, কখন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হবে কর্তৃপক্ষ তা জানায়নি।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে দুই হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এগুলোর বেশিরভাগেরই লক্ষ্যস্থল ছিল দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বিভিন্ন সামরিক স্থাপনা ও কূটনৈতিক মিশন। পাশাপাশি কিছু কিছু বেসামরিক অবকাঠামোতেও হামলা হয়েছে।
ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলের সঙ্গে ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেশীদের মধ্যে এই দেশটিতেই সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে ইরান।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সেদিন রাতেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইরান। এতে বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১১ মার্চ বিমানবন্দরটির কাছাকাছি দুটি ড্রোন আঘাত হানে।

















