জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদের প্রতিটি শব্দ ও লাইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিলেন, তখন সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। কাজেই যে সনদে বিএনপি সই করে এসেছে, তার প্রতিটি অক্ষর ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনদ সই করা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
আমরা দেখেছি, এখন যারা বিরোধী দলে আছে তারা সই করার সময় কিছুটা ঢিলেঢালা ভাব দেখিয়েছিল। আবার অন্য একটি দল তখন সই না করে নির্বাচনের পর হঠাৎ করে সই করেছে। যারা এখন জুলাই সনদের জন্য গলা ফাটাচ্ছে, তাদের কাছে প্রশ্ন—এতই যদি দরদ হয়, তবে প্রথমে কেন সই করলেন না?”
জনকর্মসূচিতে বাধা প্রদানকারীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পেশাদার খেলোয়াড় তৈরির মতো জনহিতকর কাজগুলোকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন: “আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের ওপর আবার ধীরে ধীরে আছর করছে এবং কারা দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে।”
জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নববর্ষের এই অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

















