জাইমার হাতে খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা লাভ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। খালেদা জিয়ার পক্ষে এই ঐতিহাসিক সম্মাননা গ্রহণ করেন তার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজনে মোট পাঁচটি ক্যাটাগরিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় গণতন্ত্রের অগ্রযাত্রায় অদম্য ভূমিকার স্বীকৃতিটি। অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরিতেও নারীদের অবদানের মূল্যায়ন করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও কর্মক্ষেত্রে মোছা. ববিতা খাতুন এবং সফল জননী হিসেবে নুরবানু কবীরকে পুরস্কৃত করা হয়। এছাড়াও জীবনসংগ্রামে জয়ী শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় মোছা. আফরোজা ইয়াসমিন এই সম্মাননা অর্জন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা ও ত্যাগের কথা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। ডা. জুবাইদা উল্লেখ করেন যে, শত বাধা-বিপত্তি ও অত্যাচারের মুখেও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রশ্নে সর্বদা অদম্য এবং অবিচল থেকেছেন। জাইমা রহমানের এই পুরস্কার গ্রহণ উপস্থিত সকলের মাঝে বিশেষ আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। দেশের নারী সমাজের ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

















