১৭ বছর পর ফের লর্ডসে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা

১৭ বছর পর ফের ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। ২০২৭ সালের ২৮ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে সেখানে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
লর্ডসে অনুষ্ঠিতব্য এই টেস্টই হবে বাংলাদেশ সফরের একমাত্র লাল বলের ম্যাচ। ২০১০ সালের পর নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলকেই ইংল্যান্ডে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, ‘লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে এটিই হবে আমাদের প্রথম টেস্ট। পাশাপাশি বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।‘
পুরুষ দলের সফরে একমাত্র টেস্ট থাকলেও বাংলাদেশ নারী দল খেলবে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে নিয়ে এই সিরিজ দিয়ে ইংল্যান্ড নারী দলের ২০২৭ সালের ঘরের মৌসুম শেষ হবে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনের সিনচ কাউন্টি গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর টন্টনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১২ সেপ্টেম্বর উরচেস্টারের নিউ রোডে অনুষ্ঠিত হবে।
এরপর ১৭ সেপ্টেম্বর হোভের কাউন্টি গ্রাউন্ডে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর চেলমসফোর্ডের অ্যাম্বাসাডর ক্রুজ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুরুষ দলের সফরসূচি
- ২৮ মে–১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
বাংলাদেশ নারী দলের সফরসূচি
- ৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
- ১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টন্টন
- ১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
- ১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
- ২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি
- ২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেলমসফোর্ড

















