চাঁপাইনবাবগঞ্জে ভুয়া কার্ড বানিয়ে চাল আত্মসাৎ, গ্রেফতার দুই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে চাল বিতরণ ও অর্থ আত্মসাতের অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কাজিপাড়া জাবরী এলাকার জেসমিন বেগম এবং একই ইউনিয়নের চৈতন্যপুর এলাকার মৃদুল ইসলাম। জেসমিন ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে এই চক্র পরিচালনা করতেন এবং মৃদুল ওই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ জানান, এই চক্রটি সরকারি নিয়মের তোয়াক্কা না করে নিজেদের বানানো কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিল এবং নিম্নমানের চাল বিতরণ করছিল। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলে দেখা যায়, তাদের কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন নেই। পরে জেলা প্রশাসকের নির্দেশে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, জেসমিন বেগম এই প্রতারক চক্রের মূলহোতা। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দেওয়া এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
শুধু চাল নয়, জেসমিন বেগমের বিরুদ্ধে সরকারি ঘর বরাদ্দ, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নাম করেও কয়েক হাজার পরিবারের কাছ থেকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এর আগে ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন যে, এই চক্রটি ভিডাব্লিউবি কার্ডের জন্য ৫ হাজার এবং মাতৃত্বকালীন ভাতার জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করছিল।
সম্প্রতি জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভুয়া কার্ডের মাধ্যমে চাল বিতরণের সময় জেসমিনকে হাতেনাতে ধরে ফেলে, যার সূত্র ধরেই আজকের এই গ্রেফতার অভিযান সফল হয়।

















