কেরাণীগঞ্জের পুড়ে যাওয়া গ্যাস লাইটার কারখানা থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় পুড়ে যাওয়া গ্যাস লাইটার কারখানা থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে পর মৃতদেহগুলো উদ্ধারের কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।’
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি আনোয়ারুল ইসলাম।

















