মোংলায় পাঁচ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতির দাবি

বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গা সরকার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে মার্কেটের একটি বন্ধ দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দোকানিরা দ্রুত মালামাল সরানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিমেষেই পুড়ে যায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান।
খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে এবং বড় ধরনের বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, একটি ইলেকট্রনিকস শোরুম, গার্মেন্টস দোকান, ওষুধের দোকান (ফার্মেসি), খাবার হোটেল ও চায়ের দোকান।
ব্যবসায়ীদের দাবি, মালামাল ও আসবাবপত্রসহ আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার সমপরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে।
মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

















