ইরানের ১০ দফা প্রস্তাবে ট্রাম্পের সম্মতি ও যুদ্ধবিরতি ঘোষণা

মধ্যপ্রাচ্যে ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে একটি বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের এক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যাতে তেহরানও সম্মতি জানিয়েছে। এই যুদ্ধবিরতির পরপরই আলোচনায় এসেছে ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাব, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ‘কার্যকর’ পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্পের মতে, এই প্রস্তাবগুলো আলোচনার দৃঢ় ভিত্তি হতে পারে এবং দুই দেশের দীর্ঘদিনের বিরোধের প্রায় সবকটি বিষয়েই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
রয়া নিউজের তথ্য অনুযায়ী, এই ১০ দফা প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক সংস্করণ এখনো প্রকাশিত না হলেও ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি এর সম্ভাব্য রূপরেখা তুলে ধরেছে। এই পরিকল্পনার মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা প্রদান, হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে স্বীকৃতি দেওয়া।
এছাড়া ইরান সব ধরনের প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ববর্তী সব নেতিবাচক সিদ্ধান্ত ও রেজুলেশন বাতিলের দাবি জানিয়েছে।
প্রস্তাবনাটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইরান এই সংঘাতের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধসহ সব ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসানের বিষয়টিও এই ১০ দফার অন্তর্ভুক্ত।
যদিও এই প্রস্তাবগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে দুই পক্ষের সাম্প্রতিক নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, এই ১০ দফাকে কেন্দ্র করেই আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি আলোচনা এগিয়ে যেতে পারে।

















