ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা ট্রাম্পের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যেকোনো সময় সরাসরি সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধাবস্থা অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যকার আলোচনা দ্রুত ও ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মোজতবা খামেনি নিজে এই শান্তি আলোচনায় সরাসরি যুক্ত আছেন।
বুধবার (৩ জুন) ‘পড ফোর্স ওয়ান’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব তথ্য জানান। দুই নেতার মধ্যে বর্তমান বোঝাপড়া বেশ ভালো যাচ্ছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তিনি (খামেনি) অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।’ পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তাঁর সরাসরি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।’
ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে এবং এটি একটি বড় বিষয়। আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। ভবিষ্যতে তারা মত পরিবর্তন করতে পারে, কিন্তু আলোচনার ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে। খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে, অনেক ইতিবাচক বিষয় সামনে আসবে।’ এছাড়া হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না— এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, এর সম্ভাবনা খুবই কম এবং তাঁর ধারণা, এই বিষয়টির সমাধান খুব দ্রুতই হয়ে যাবে।

















