ইরানের ওপর কঠোর আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের ওপর কঠোর আঘাত হানা হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজগুলোকে সুরক্ষা দিতে প্রয়োজনে মার্কিন বাহিনী সরাসরি পদক্ষেপ নেবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী সফলভাবে এগিয়ে যাবে।
তবে ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থানে কিছুটা দ্বিধা বা ‘দোলাচল’ লক্ষ্য করা গেছে। একদিকে তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়ার জন্য মার্কিন বাহিনীর ভূয়সী প্রশংসা করছেন, অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে কিছুটা চাপে রয়েছেন। দ্রুত যুদ্ধ শেষ করার ইচ্ছা থাকলেও পরিস্থিতির বাস্তবতায় তা সম্ভব হচ্ছে না বলে প্রতীয়মান হয়।
এর আগে গত বুধবার কেন্টাকির হেবরনে এক জনসভায় ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, “আমরা জিতেছি। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এই লড়াই চালিয়ে যেতে হবে।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত ওয়াশিংটন তাদের সামরিক চাপ অব্যাহত রাখবে।

















