আট দিনে রেমিট্যান্স আসলো ৯৭ কোটি ডলার, প্রবৃদ্ধি ২৬ শতাংশ

দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে প্রবাসীদের পাঠানো আয়ের হাত ধরে। চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনেই বৈধ পথে প্রায় ৯৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৮৯৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের এই সময়ে রেমিট্যান্সের অঙ্ক ছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গতকাল বুধবারও দেশে ১ হাজার ৮৫৪ কোটি ৪০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে। শুধু এই মাসেই নয়, চলতি পুরো অর্থবছরেই রেমিট্যান্সের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০.৫ শতাংশ।
রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় এই আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়তে পারে। এটি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আমদানি ব্যয় মেটাতেও বড় সহায়ক হবে।

















