নেপালকে হেসেখেলে হারিয়ে সুপার এইটে উইন্ডিজ

নেপালকে নিয়ে ছেলেখেলা করে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বোলিং করে জেসন হোল্ডারের তোপে নেপালকে অল্প রানে আটকে রাখে ক্যারিবিয়ানরা।
দীপেন্দ্র আইরির ফিফটির পরও মাত্র ১৩৩ রানে আটকে থাকে নেপাল। ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন হোল্ডার।
পাওয়ার প্লেতে ২৩ রানে ৪ উইকেট হারায় নেপাল। এরমধ্যে দুটো নেন হোল্ডার। বাকি দুটো ভাগ করেন আকিল হোসেন, ম্যাথু ফর্ডরাও। ৩ ছক্কা ও ৩ চারে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে খাদের কিনার থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আইরি। তাকেও বিদায় করেন হোল্ডার।
জবাবে ২৮ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন অধিনায়ক শেই হোপ। শেমরন হেটমায়ার করেন ৩২ বলে ৪৬ রান।
সহজ লক্ষ্যে পঞ্চম ওভারে ৪৩ রানে ব্র্যান্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হোপ-হেটমায়ার মিলে নেপালকে পাত্তা দেয়নি উইন্ডিজ। ৯১ রানের জুটিতে ম্যাচ জিতে মাঠ ছাড়েন দুজন।
ফলে মুম্বাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের আজকের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৯ উইকেটে। টানা তিন হারে বিদায় নিয়েছে নেপাল। যদিও বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ার দারুণ সম্ভাবনা জাগিয়েছিল তারা। কিন্তু সেই ম্যাচের পর আর জ্বলে উঠতে দেখা যায়নি নেপালকে। নবাগত ইতালির কাছেও হেরেছে তারা।

















