মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ, সরকারও শপথ নিতে পারে এদিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন আগামী মঙ্গলবার। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুতিও শুরু করেছে সংসদ সচিবালয়। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এবার ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
বৃহ্স্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দল হিসেবে সংসদে যাবে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছেন।
















