তারেক রহমান ও বিএনপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে লেখেন, “বাংলাদেশের সব ভাইবোনকে ও জনগণকে জানাই আমার শুভনন্দন এবং আগাম রমজান মোবারক। এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বিএনপির এই বিজয়কে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। মোদি বলেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। একইসঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।
দুই শীর্ষ নেতার এই উষ্ণ অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

















