হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ হাসারাঙ্গার বিশ্বকাপ

বিশ্বকাপ শুরু হতেই বড় ধাক্কা লেগেছে শ্রীলঙ্কান শিবিরে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন দলটির লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আসরের বাকি অংশে তাকে পাবে না দল।
এমআরআই স্ক্যানে হাসারাঙ্গার বাঁ হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তাতে এক ম্যাচেই শেষ হয়ে গেল তার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে চোট পান হাসারাঙ্গা। আইরিশদের ২০ রানে হারানোর ম্যাচে কোটার চার ওভারই করেন তিনি। ২৫ রান খরচায় তিন উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
হাসারাঙ্গার বদলে কে খেলবেন তা এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে আরেক লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্থা আছেন সেই পাইপলাইনে। তবে এর জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

















