গাজায় ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা ও পরিবারের ৪ সদস্য নিহত

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা, তার স্ত্রী ও দুই মেয়ে নিহত হয়েছেন। একই সময়ে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজায় দ্বিতীয় কোনো নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২৪ নভেম্বর রাতে গাজা সিটির একটি আবাসিক ভবনে চালানো হামলায় উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক মুহাম্মদ মাজিদ আবু আল-আউফ নিহত হন। এ হামলায় তার স্ত্রী এবং ১৩ ও ১৫ বছর বয়সী দুই মেয়েও প্রাণ হারান।
এর আগে, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক নাঈম মুহাম্মদ আবু নাহল নিহত হন।
এ ঘটনাকে ভয়াবহ হত্যাকাণ্ড উল্লেখ করে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে। তাদের দাবি, গাজার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে ফিলিস্তিনি সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রণালয় নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক ফিলিস্তিনিদের ওপর আরও নৃশংস অপরাধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্য, দখল, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তুর্কের ভাষ্য, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অস্তিত্বের জন্য বাস্তব হুমকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় এক হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


















