জন্মদিনে নতুন সুখবর দিলেন বুবলী

শুক্রবার (২০ নভেম্বর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সুখবর জানান বুবলী।
পোস্টে অভিনেত্রী লেখেন, তার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম প্রযোজনা ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে।
একই পোস্টে চলচ্চিত্রটির প্রথম পোস্টারও প্রকাশ করেন তিনি। বুবলী জানান, নতুন এই যাত্রার শুরুতেই এমন অর্জন তাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। ভবিষ্যতেও দর্শকদের ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন অভিনেত্রী।
উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কর্মজীবন শুরু করে পরে সংবাদপাঠক হিসেবে পরিচিতি পান বুবলী। এরপর চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১৬ সালে সিনেমায় অভিষেকের পর ধীরে ধীরে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।
তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও পর্দায় গ্ল্যামারাস উপস্থিতির কারণে দর্শকদের আগ্রহ ধরে রেখেছেন তিনি।
সর্বশেষ বুবলীকে দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’।

















