রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তার বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী মেয়ে মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন তারা। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে। এতে যানটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সেখানে কোনো রেলগেট কিংবা গেটম্যান নেই। এ ছাড়া রেললাইনের দুই পাশে বড় গাছ থাকায় সড়ক দিয়ে চলাচলকারী চালকদের পক্ষে ট্রেনের আগমন সহজে বুঝা সম্ভব হয় না।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


















