গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়ি ও থানায় অগ্নিসংযোগ, শহরে সশস্ত্র মহড়া

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত থাকা যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের টানা সহিংস কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। জেলাজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সশস্ত্র মহড়া চালাচ্ছে দলটির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানীতে অবস্থিত গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর, দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানা ভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত বলে জানা গেছে।
জেলা শহরের কেন্দ্রস্থল লঞ্চঘাট এলাকায় হেলমেট পরে ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে জড়ো হয়ে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এই জমায়েতে যোগ দেয়। তবে এসব ঘটনার সময় শহরের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো উপস্থিতি বা তৎপরতা লক্ষ্য করা যায়নি।
জেলায় চলমান এই অস্থিরতার সূত্রপাত হয় কয়েক দিন আগেই। এর আগে গত বুধবার সারা রাত ঢাকা-খুলনা মহাসড়কসহ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারও আগে, গত মঙ্গলবার একই সংগঠনের নেতা-কর্মীদের হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল টুঙ্গিপাড়া থানা।

















