‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা পেলেন পাভেল আল মামুন

অভিনয় ও শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। বহুল প্রশংসিত পোয়েটিক ফিল্ম ‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ‘স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড’ এর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে বরেণ্য শিল্পীদের তাদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্দেশক আমির পারভেজ এবং সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নূর। অনুষ্ঠানে অভিনেতা পাভেল আল মামুন জনপ্রিয় অভিনেত্রী ও র্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে তার সম্মাননা পদক গ্রহণ করেন।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাভেল আল মামুন বলেন, ‘বৃষ্টিতে আর জল নেই’ ছিল একটি অসম্ভব যাত্রা, পুরো টিমের কঠোর পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। এ সময় তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্দেশক আমির পারভেজের প্রতি। তিনি বলেন, আমীর পারভেজ তাকে এই চরিত্রের জন্য তৈরি করেছেন।
শিল্পকলা একাডেমির এই বর্ণাঢ্য আয়োজনে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও উৎসবমুখর করে তোলে।












