শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়াও ঢাকার পক্ষ থেকে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছেঅ।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা।
সাক্ষাৎকালে তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে একটি উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, ত্রিবেদী ঢাকায় তার প্রথম দুই মাসের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















