কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত, ২৭ জন আহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে ৪ শিশুসহ ২৭ জন আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাতে এই হামলা চালানো হয়। গত ৪৮ ঘণ্টার মধ্যে কিইভে এটি রাশিয়ার দ্বিতীয় বড় ধরনের বিমান হামলা।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস এবং কিইভের মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন যে, ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং এর ধ্বংসাবশেষ পড়ে শহরের অন্তত ৫টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটেছে।
ভোর ১:৩৩ মিনিট থেকে কিইভ শহরজুড়ে একের পর এক ১০টিরও বেশি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় থাকা গাড়িগুলোর অ্যালার্ম বেজে ওঠে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। সকাল পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিইভ অঞ্চলের সামরিক-শিল্প কমপ্লেক্স এবং রসদ সরবরাহ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই ‘ব্যাপক হামলা’ চালিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা জানিয়েছেন, এই ধরনের হামলা প্রমাণ করে ইউক্রেনের জন্য জরুরিভিত্তিতে আরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। অতিসম্প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করে এই প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর সরবরাহের জোরালো তাগিদ দিয়েছেন।

















