সিলেটের গোলাপগঞ্জেও এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা হয়েছে। হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির স্থানীয় নেতারা।
বৃহস্পতিবার দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে রেব হওয়ার পথে চৌমুহনী এলাকায় তারা হামলার শিকার হন বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি মো. ছবেদ আলী।
এ ঘটনার পর এনসিপি নেতা সারজিস আলম ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতারা মতবিনিময় সভা শেষে রেব হওয়ার সময় একদল লোক তাদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে চৌমুহনী এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহর পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অটোরিক্সাও ভাঙচুর করা হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ওসি ছবেদ আলী বলেন, ‘কর্মসূচিশেষ করে বের হয়ে যাওয়ার সময় সারজিস আলমের গাড়িতে দূর থেকে ইট ছুড়লে গ্লাস ভেঙে যায়। তারা সিলেটের দিকে যাচ্ছিলেন।‘
প্রথম পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সারজিস আলম আবার ফেইসবুকে লিখেছেন, ‘২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। পরদিন মৌলভীবাজারে পুলিশের বাধার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা।

















