আওয়ারাপন-২ ছবিতে ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন দিশা

বলিউডের কাল্ট সিনেমার কথা উঠলেই যে কয়েকটি ছবির নাম অনিবার্যভাবে আসে, তারমধ্যে অন্যতম ‘আওয়ারাপন’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত এই গ্যাংস্টার-ঘরানার ট্র্যাজিক প্রেমের গল্পটি মুক্তির সময় বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সময়ের সঙ্গে এটি দর্শকদের কাছে কাল্ট মর্যাদা অর্জন করে। বিশেষ করে ছবির গল্প, ইমরান হাশমির অভিনয় এবং হৃদয়স্পর্শী গান আজও সিনেমাপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়।
দীর্ঘ ১৯ বছর পর সেই ছবির সিকুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন প্রযোজক মুকেশ ভাট। তবে এবার পরিচালকের আসনে এক বড় পরিবর্তন এসেছে। মূল ছবির পরিচালক মোহিত সুরির জায়গায় এবার পরিচালনার দায়িত্ব নিয়েছেন নীতিন কাক্কর। ছবির প্রধান চরিত্রে আবারও থাকছেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দিশা পাটানি। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিকে।
সিনেমাটির ফার্স্ট লুক টিজার আজ (রোববার) প্রকাশ পাচ্ছে। এই টিজার মুক্তির মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ছবির প্রচারণা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগে টানা এক মাসব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন নির্মাতারা।
প্রথমে চলতি বছরের এপ্রিলেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। বলিউডের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’—এর মতো বড় বাজেটের ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
‘আওয়ারাপন’ মানেই দর্শকদের কাছে তার কালজয়ী গান। তাই সিকুয়েলেও সংগীতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। জানা গেছে, নতুন কিছু রোমান্টিক গানের পাশাপাশি প্রথম ছবির তুমুল জনপ্রিয় গান ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’র নতুন সংস্করণ বা রিমিক্সও এই ছবিতে রাখা হতে পারে, যা দর্শকদের নস্টালজিয়াকে আরও উসকে দেবে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ছবিটি ইমরান হাশমির ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট হতে পারে। একই সঙ্গে দিশা পাটানির জন্যও এটি একটি বড় পরীক্ষা। একটি কাল্ট ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে দর্শকদের আকাশচুম্বী প্রত্যাশা তারা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।







