২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মসূচিটি সফল করতে বিভিন্ন কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের রূপরেখা নিয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

















