প্রধানমন্ত্রী দেখলেন বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিইও বরখাস্ত

পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য যথাসময়ে পরিষ্কার না করে দায়িত্বে অবহেলা করায় ঢাকার দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আনিক) সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে আজ শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিকে যান। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখেন। পরে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী সড়কের পরিস্থিতিও তিনি নিজে পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী মূলত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণের বাস্তব চিত্র দেখতে বের হয়েছিলেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার রাস্তায় পশুর বর্জ্য ও ময়লা জমে থাকতে দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেও গুরুত্বপূর্ণ এই এলাকাগুলো পরিষ্কার না করায় তিনি তাৎক্ষণিকভাবে ওই দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বরখাস্তকৃত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার দায়ে তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর এবং তাৎক্ষণিক অ্যাকশনের পর দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম তৎপরতা লক্ষ্য করা গেছে। বিকেল থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি জনবল নামিয়ে দ্রুত বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে সিটি করপোরেশন।

















