জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি ঢাকায় পৌঁছান। এর আগে গত ২ জুন নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই ঐতিহাসিক জয় লাভ করেন।
অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে জয়ী হওয়ার লক্ষ্যে গত তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ।
নির্বাচনে বিজয়ী হওয়ায় ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি এক বিশাল গৌরব ও বড় কূটনৈতিক সাফল্য। এর আগে দীর্ঘ ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। তাঁর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই গৌরবময় আসনে বসছেন ড. খলিলুর রহমান।










