তোফায়েল আহমেদের সম্মান প্রাপ্তি বিএনপির অগ্নিপরীক্ষা: ইমি

বিএনপি সরকার কারিনা কায়সারের মরদেহ শহীদ মিনারে নিতে দিলেও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে একই সম্মান দেবে কি না, সেটাই এখন পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
সোমবার (১ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলে বলেন, এটাই হবে বিএনপির ‘লিটমাস টেস্ট’ বা অগ্নিপরীক্ষা।
ওই পোস্টে ইমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে লেখেন, ‘বিএনপি সরকার আমাকে বিনা কারণে ৬০ দিন জেল খাটিয়েছে। আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় কেড়ে নিয়েছে। আমার পরিবারের একজন সদস্যকে আমি শেষ দেখাও দেখতে পারিনি জেলে থাকার কারণে।’ তবে এত কিছুর পরেও তিনি সরকারের বিরুদ্ধে শত্রুতার পথে যাননি জানিয়ে বলেন, ‘তার পরও আমি ওদের সঙ্গে শত্রুতা করিনি এখন পর্যন্ত। একজন নাগরিকের জায়গা থেকে সরকারকে ট্রিট করতেছি যেভাবে করার দরকার।’
সাবেক ডাকসু নেতা ইমি স্পষ্ট করেন যে মুক্তিযুদ্ধ কিংবা তোফায়েল আহমেদ—কোনোটিই শুধু আওয়ামী লীগের একার সম্পদ নয়। তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। ‘জয় বাংলা’ স্লোগানও আওয়ামী লীগের একার সম্পত্তি নয়।’
এর পাশাপাশি সরকারের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘কোনটা দলীয়, কোনটা সর্বজনীন—এইটুকু বিবেচনা করার মতো সততা যদি সরকার না দেখাতে পারে তাহলে তারা প্রতিবাদ না, প্রতিঘাত ডিজার্ভ করে।’







