চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ, কোচ থমাস ডুলির প্রথম মিশন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলি তার প্রথম আন্তর্জাতিক দায়িত্বে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছেন। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তিনি ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। এই মিশনকে সামনে রেখে বাংলাদেশ দল আগামী রবিবার সান মারিনোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
ঘোষিত এই দলে সবচেয়ে আলোচিত নাম অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দীর্ঘ ১৯ মাস পর তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন। জিকো সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়েছিলেন। এরপর ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত আরও চারটি আন্তর্জাতিক ম্যাচে তিনি দলের সঙ্গে স্কোয়াডে থাকলেও মূল একাদশে মাঠে নামার সুযোগ পাননি। দীর্ঘ বিরতি ও অপেক্ষার পর অবশেষে এই অভিজ্ঞ গোলরক্ষকের ওপর আস্থা রাখলেন নতুন কোচ। জিকো ছাড়াও ডিফেন্ডার ইসা ফয়সাল ও তাজউদ্দিন এবং উইঙ্গার রফিকুল ইসলাম চূড়ান্ত দলে নিজেদের জায়গা পাকা করেছেন।
সান মারিনো ম্যাচের আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত করতে গিয়ে কোচ থমাস ডুলি প্রাথমিক দল থেকে বেশ কয়েকজন ফুটবলারকে ছাঁটাই করেছেন। চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, মঞ্জুরুর রহমান মানিক, মো. ইব্রাহিম, মিরাজুল ইসলাম এবং মিনহাজুল করিম স্বাধীন।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক কাজী, টপু বর্মণ, জায়ান আহমেদ, মো. শাকিল আহাদ টপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. তাজ উদ্দিন ও মো. ইসা ফয়সাল।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়ার, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শামিত শোম ও সৈয়দ কাজেম কির্মানী শাহ।
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, মো. সাহারিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম ও মো. রফিকুল ইসলাম।
ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে এই প্রীতি ম্যাচটিকে বাংলাদেশের ফুটবল র্যাংকিং ও নতুন কোচের অধীনে দলের কৌশলগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা।







