ট্রেনযাত্রীদের জন্য আজ মিলছে ৩১ মে’র ঈদের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের ট্রেনযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিশেষ ব্যবস্থায় আগামী ৩১ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ফিরতি আসনের টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। রেলের কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও সব টিকিট শতভাগ অনলাইনের (ই-টিকিটিং) মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদুল আজহার ফিরতি যাত্রার সূচি অনুযায়ী, আগামী ২২ মে বিক্রি করা হবে ১ জুনের ট্রেনের টিকিট। এ ছাড়া ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি আসনের টিকিট অগ্রিম কিনতে পারবেন যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় কেনা এই ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত (রিফান্ড) দেওয়া যাবে না। টিকিট কেনার ক্ষেত্রে একজন যাত্রী অনলাইনে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একের অধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ও পরিচয় টিকিট ক্রয়ের সময় অবশ্যই উল্লেখ করতে হবে।

















