মেহেরপুরে দিনের আলোতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

মেহেরপুর সরকারি কলেজ গেট, এআরবি কলেজ গেট এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রাচীরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে নয়, বরং দিনের আলোতেই শহরের এসব গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার গেট ও দেওয়ালে ছাত্রলীগের পোস্টার লাগানো হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, ভিডিওতে যাকে পোস্টার লাগাতে দেখা যাচ্ছে, তিনি মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ। তিনি বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও পরিচিত।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছাত্রলীগের একটি বিবৃতিতে দাবি করা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় মেহেরপুর জেলা শাখা এই কর্মসূচি পালন করেছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে, সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
ভাইরাল হওয়া ওই পোস্টারে মেহেরপুর জেলা ছাত্রলীগের নামে ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য—শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য ও শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার, যুবকদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
এ ব্যাপারে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কুতুব উদ্দীন আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে লিখেছন, ‘গুপ্ত নয়, সুপ্ত নয়, রাতের আঁধারে নয়, দিনের আলোতেই চলবে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম।’
নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য তৎপরতার বিষয়ে জানতে চাওয়া হলে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায় জানান, ‘আজ শনিবার (১৬ মে) সম্ভবত বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ছাত্রলীগের ওই নেতা পোস্টারিংয়ের কাজ করে ফেসবুকে দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’







