নির্বাচনি ব্যয়ের হিসাব দিল জামায়াত: ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেওয়া হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই হিসাব বিবরণী হস্তান্তর করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা হিসাব বিবরণী অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে বড় একটি অংশ অর্থাৎ ৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে।
অন্যান্য ব্যয়ের খাতের মধ্যে রয়েছে নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপানো, সংবাদ সম্মেলন আয়োজন ও আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন ও বিবিধ খরচ, কেন্দ্রীয় নেতাদের সফর ও আইসিসিতে বিজ্ঞাপন।
হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা এবং জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা ব্যয় হয়েছে। এছাড়া স্টাফ খরচ হিসেবে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা খরচ দেখানো হয়েছে। বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকা ব্যয় করেছে দলটি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে, যা দলটির সংসদীয় ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি (NCP) আরও ৬টি আসনে জয় পেয়েছে। এই নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ার পর নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যয়ের এই হিসাব জমা দিল দলটি।


