সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য তিনটি প্রস্তাব রয়েছে, যার মধ্যে এক নম্বর প্রস্তাবটি ওই রুটে। আমি এই মুহূর্তে বলব, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি।” তিনি আরও জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে শেখ রবিউল আলম বলেন, “আমরা এখন অর্থায়নের বিষয়টি নিয়ে ভাবছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় প্রাক-প্রস্তুতিমূলক কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সেতুটি নির্মিত হলে দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটবে।
এর আগে ঈদযাত্রার প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ঈদে যেসব জায়গায় ব্যত্যয় বা সমস্যা হয়েছিল, এবার আরও অধিক মনোযোগী হয়ে সেসব নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রী ভোগান্তি কমাতে সরকার বদ্ধপরিকর।
উল্লেখ্য, ২০২২ সালে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে দেশের প্রথম পদ্মা সেতু উদ্বোধন করা হয়, যার মূল দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেই সেতুর পর এবার দ্বিতীয় পদ্মা সেতুর খবরে দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

















