রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় পুলিশ পদক প্রদান

পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী দিনে ১০৭ জন পুলিশ সদস্যকে পদক প্রদানের কথা থাকলেও অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতি দেশের বাইরে অবস্থান করায় প্রয়োজনীয় অনুমোদন না মেলায় আপাতত বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান করা সম্ভব হয়নি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমোদন ব্যতিরেকে পদক প্রদানের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি বর্তমানে দেশের বাইরে থাকায় এই পদক সংক্রান্ত সরকারি আদেশ (জিও) এখনো জারি হয়নি। ফলে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকের অনুষ্ঠানটি স্থগিত রাখতে হয়েছে।
পদক প্রদানের আনুষ্ঠানিকতা স্থগিত হলেও পুলিশ সপ্তাহ ২০২৬-এর অন্যান্য সকল নিয়মিত কর্মসূচি ও অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির অনুমোদন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুবিধাজনক সময়ে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে।
আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। পদক প্রদান স্থগিত থাকলেও বর্ণাঢ্য প্যারেড ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১৩ মে পর্যন্ত চলবে।
মুহূর্ত/এমএইচ

















