ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, পেলেন ৪০ জনের কুপ্রস্তাব

নারীদের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে বুঝতে গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নেমেছিলেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি পুলিশ কমিশনার ভি সুমতি। কোনো নিরাপত্তা বা পরিচয় ছাড়াই রাত ১২টা ৩০ থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত একটি বাসস্ট্যান্ডে একা দাঁড়িয়ে থেকে তিনি যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তা নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
অভিযান চলাকালীন মাত্র তিন ঘণ্টায় প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এগিয়ে আসেন। যাদের মধ্যে ছাত্র, চাকরিজীবী এমনকি মদ্যপ ও মাদকসেবীও ছিল। তারা এই নারী আইপিএস কর্মকর্তাকে সাধারণ নারী মনে করে নানাভাবে উত্ত্যক্ত করেন এবং সরাসরি কুপ্রস্তাব দেন। তবে তারা কেউই বুঝতে পারেননি যে তারা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।
পুলিশ সূত্র জানায়, বাস্তব পরিস্থিতি বুঝতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে জড়িতদের শনাক্ত করে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় এবং কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। ১ মে কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া ভি সুমতির এমন সাহসী উদ্যোগ স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর আগেও কর্মজীবনের শুরুতে তিনি একই ধরনের অভিযান চালিয়ে আলোচিত হয়েছিলেন।

















