শাকিবের সিনেমার সেন্সর সনদ স্থগিত করল বোর্ড

অশালীন দৃশ্য ও বীভৎসতা প্রদর্শনের অভিযোগে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-এর সেন্সর সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
বৃহস্পতিবার (৭ মে) পিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই কিছু গান ও বীভৎস দৃশ্য সংযোজন করে ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। এছাড়া অনুমোদিত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন করার অভিযোগও উঠেছে। এসব নিয়মের ব্যত্যয় ঘটায় ছবিটির সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬) স্থগিত করা হয়েছে।
ছবিতে ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং ভারতের মরুভূমি প্রেক্ষাপটে নির্মম হত্যাযজ্ঞের দৃশ্য যুক্ত করা হয়েছে। এর আগে সেন্সর বোর্ড যেসব দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল—যেমন চাপাতি দিয়ে হাত কাটা, গলার রগ কাটা এবং নারীদের অশালীন উপস্থাপন—সেগুলো পুনরায় সংযোজনের প্রমাণ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, তিনি এখনো আনুষ্ঠানিক নোটিশ হাতে পাননি। তবে সেন্সরবিহীন দৃশ্য প্রদর্শন সম্পর্কে তিনি বলেন, “ভুলবশত প্রেক্ষাগৃহে সিনেমাটির ইন্ডিয়ান বা ওটিটি ভার্সন প্রদর্শিত হয়েছিল। সেন্সর বোর্ড থেকে আগেই একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং আমরা তার জবাবও দিয়েছিলাম। আনুষ্ঠানিক আদেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানার এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছিল। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।

















