তীরে এসেও তরী ডুবলেও হতাশ হতে চান না বায়ার্ন কোচ

তীরে এসেও তরী ডোবানো ঠেকানো গেল না। ইউরোপ সেরার ফাইনালের খুব কাছে থেকে ফিরতে হলো বায়ার্ন মিউনিখকে। তবে ভেঙে না পড়ে, চ্যাম্পিয়ন্স লিগে আগামীতে ভালো করার প্রতিশ্রুতি দিলেন দলটির প্রধান কোচ ভেসোঁ কম্পানি। প্রতিপক্ষের প্রশংসাও করতে ভুললেন না তিনি।
সেমি-ফাইনালের প্রথম লেগের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৫-৪ গোলে জিতে একটু এগিয়ে ছিল পিএসজি। ফিরতি লেগেও বুধবার রাতে শুরুতে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে থেকে শেষের দিকে হ্যারি কেইন গোল শোধ করলেও, আগের লেগের ব্যবধান আর ঘোচাতে পারেনি বায়ার্ন।
ঘরের মাঠে ১-১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় জার্মান চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে বায়ার্নের তোলা দুটি হ্যান্ডবলের জোরাল আবেদন নাকোচ করেন রেফারি, যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিল স্বাগতিকরা। খেলা শেষে অবশ্য সেই বিষয় তেমন কিছুই বললেন না কম্পানি।
বায়ার্ন কোচ বলেন, ‘সামান্য ব্যবধানে হেরে গেছি আমরা, যা মেনে নেওয়া কঠিন। পিএসজির সঙ্গে সমানে-সমানে লড়াই করেছি আমরা, এই ধরনের ম্যাচে ছোট ছোট ব্যবধান পার্থক্য গড়ে দেয়। আমাদের প্রথমার্ধ বেশ ভালো ছিল, আমার মনে হয়েছিল ওই সময় আমরাই ভালো খেলছিলাম এবং মাঝেমধ্যেই ভীতি ছড়াচ্ছিলাম; তবে আমাদের ক্রসগুলো পিএসজি ভালোভাবে সামলেছে।’
মাঠে প্রতিপক্ষ যেভাবে পুরোটা সময় দৃঢ় মানসিকতায় লড়ে গেছে, এর প্রশংসা করলেন কম্পানি। নিজেদের আগামীতে ভালো করার উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন তিনি।
পিএসজিকে নিয়ে কম্পানি বললেন, ‘তারামাঠে খুব সক্রিয় ছিল। আমরা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও, তারা নিশ্চিত করেছে যেন আমরা শেষ শট নিতে না পারি। লড়াইয়ের মূল বিষয়টাই হলো প্রাণশক্তি, যা এই দল দেখিয়েছে আবার। দু:খজনকভাবে আমরা ফাইনালে যেতে পারিনি। আমাদের মানতে হবে যে, আমরা গ্রেট চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। চ্যাম্পিয়ন্স লিগ এখন আমাদের জন্য শেষ; তবে সামনে আরও মুহূর্ত আসবে, আরও সুযোগ পাব আমরা এবং সেটাও আমার জন্য দারুণ প্রেরণার।’
‘“দুই দলেরই মান খুব উঁচুতে। পিএসজি দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, গত দুই বছর ধরে তারাই সম্ভবত ইউরোপের সেরা দল…আমাকে বলতেই হবে যে, আমরা সবরকম চেষ্টা করেছি। পিএসজিকে অভিনন্দন, তবে আমরা আবার চেষ্টা করব।’ যোগ করেন বায়ার্ন কোচ।
ট্রেবল জয়ের আশা শেষ হয়ে গেলেও, বায়ার্নের এখনও ঘরোয়া ডাবল জয়ের সম্ভাবনা টিকে আছে। ইতোমধ্যে বুন্দেসলিগা জয় করা দলটি আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে খেলবে স্টুটগার্টের বিপক্ষে।

















