শুভেন্দুর পিএ হত্যাকাণ্ড: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, নিশানায় অভিষেক

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে বিজেপি সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।
বুধবার রাতে কলকাতার নিকটবর্তী মধ্যমগ্রাম এলাকায় চন্দ্রনাথ রথের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতকারী। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীদের সঙ্গে পাল্টাপাল্টি গুলির একপর্যায়ে অন্তত চার রাউন্ড গুলি চন্দ্রনাথের শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহকারীর মৃত্যুতে শোক প্রকাশ করলেও এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী। তিনি জানান, তারা এই মুহূর্তে কোনো নির্দিষ্ট উপসংহারে না পৌঁছে পুলিশের তদন্ত রিপোর্টের ওপর ভরসা রাখছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র বা প্রভাব থাকতে পারে বলে আমরা মনে করছি।”
এদিকে এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তিনি অভিযোগ করেন, নির্বাচনে হেরে গিয়েও শাসক দল যে এখনো শক্তিশালী, এমন বার্তা দিতেই এই খুনের ছক কষা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা বোকা, ওরা ঠিকই জবাব পেয়ে যাবে।”
রাজ্যে চলমান নির্বাচন-পরবর্তী সহিংসতার এই নতুন মাত্রা পশ্চিমবঙ্গ সরকারকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।


