মমেক ছাত্রদল কমিটিতে ‘সাবেক ছাত্রলীগ’ নেতা: সংবাদ সম্মেলনে ব্যাখ্যা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের ১১ জন নেতার অন্তর্ভুক্তির বিষয়ে ওঠা বিতর্কের ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৫ মে) বিকেলে কলেজ ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন, ওই শিক্ষার্থীদের ‘বাধ্যতামূলকভাবে’ ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল এবং তারা কখনোই সক্রিয় ছিলেন না।
গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদল মমেক শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করার পরই সমালোচনার সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, এই কমিটিতে ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা ১১ জন নেতাকে স্থান দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, যাদের নিয়ে সমালোচনা হচ্ছে তারা সবাই এম-৫৯ ব্যাচের শিক্ষার্থী। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের নাম বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তারা কখনোই ছাত্রলীগের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না, বরং বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের সঙ্গেই রাজপথে সম্পৃক্ত ছিলেন। যথাযথ যাচাই-বাছাই করেই তাদের নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
নেতারা আরও জানান, কলেজে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থীর মধ্যে সিংহভাগই নারী শিক্ষার্থী। অবশিষ্ট পুরুষ শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ আবাসিক সুবিধা পান। হলে থাকার প্রয়োজনে বা পরিস্থিতির চাপে অনেক সাধারণ শিক্ষার্থীকে আগে নামমাত্র ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকতে হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মমেক শাখা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম। এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাপসহ অন্যান্য নেতাকর্মীরা।

















