পুলিশে বড় রদবদল: এসপি ও ডিআইজিসহ ৩৯ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের ১২ জেলার পুলিশ সুপার (এসপি) ও ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলার পুলিশ সুপারসহ মোট ২৪ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বদলির মধ্যে রয়েছে—পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের এপিবিএন-২ এর এসপি মিজানুর রহমানকে পঞ্চগড়ে, এসবির ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে এবং পাবনার এসপি আনোয়ার জাহিদকে এসবিতে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরে এবং আরএমপির পুলিশ কমিশনার জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির নতুন কমিশনার করা হয়েছে। এছাড়া বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং ডিআইজি আশিক সাঈদকে বরিশালের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিআইডির ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে এপিবিএন, এসবি ও ডিএমপিতে বদলি করা হয়।


